সৌদি আরবে আরামকোর স্থাপনায় হুথিদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

নিহত সজিব হোসেনছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সজীবের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে নিহত বাংলাদেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল রোববার সৌদি আরবের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। এতে সজীব হোসেন প্রাণ হারান। এ ঘটনায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহতের পরিবারের সদস্য ও তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। সজীবের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠাতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমি পরিবারটির খোঁজখবর নিয়েছি। তাঁরা দুই ভাই ও বাবা সৌদিতে থাকতেন। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব নামে ওই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর মরদেহ ফিরিয়ে আনার মূল উদ্যোগ সেখানে থাকা বাবা ও ভাই নেবেন।’