থাকতে হবে মানবিক মূল্যবোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উল্লসিত শিক্ষার্থীরা। গতকাল নওগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে। শহীদুল ইসলাম

‘পরীক্ষায় শুধু ভালো ফল করলেই চলবে না। সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা ও সহমর্মিতা এবং দেশপ্রেমের মতো গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে।’

নওগাঁয় গতকাল বৃহস্পতিবার জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা এসব কথা বলেন। নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে নির্ধারিত বুথ থেকে আগত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার বিতরণ শুরু হয়। পরে কৃতী শিক্ষার্থীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন গ্রহণ করে। এরপর সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন করেন নওগাঁ সারেগামাপা সংগীত একাডেমির শিল্পী ও নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আবৃত্তিশিল্পী নওরীন শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষাজীবনের একটা বড় অর্জন, তবে এটাই শেষ নয়। সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে।’

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, ‘মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও দেশপ্রেমের গুণাবলিতে সমৃদ্ধ হতে না পারলে যতই মেধাবী হোক না কেন, তার কোনো মূল্য নেই। ভালো ছাত্র হয়ে মা-বাবার খোঁজখবর রাখে না, শিক্ষকদের শ্রদ্ধা করে না, সমাজের জন্য কোনো কাজে আসে না—এমন ভালো ছাত্র হয়ে কোনো লাভ নেই।’

নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী বলেন, ‘মন দিয়ে লেখাপড়া করে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, বিসিএস অফিসার হও, এটা আমরা সবাই চাই। তবে সবার আগে ভালো মানুষ হতে হবে।’

আবৃত্তিশিল্পী কায়েস উদ্দিন বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই, সাহিত্য পত্রিকা পড়ে তোমাদের নিজেদের সুকুমারবৃত্তি বিকশিত করতে হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ জামান চৌধুরী।

অনুষ্ঠানে এসেছিল জেলার সর্ব উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী উপজেলা পোরশার শিশা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দুই কৃতী শিক্ষার্থী আবদুল মাজেদ ও আফজাল হোসেন। তারা জানায়, দুজনেই রাজশাহীর একটি কলেজে ভর্তি হয়েছে। উপহার পাওয়ার পাশাপাশি গুণী ব্যক্তিদের কথা শুনে তাদের খুব ভালো লেগেছে।

মান্দা উপজেলা থেকে আসা সুমাইয়া জান্নাত বলে, ‘জিপিএ-৫ পাওয়ার খবর পাওয়ার পর যেমন আনন্দ পেয়েছিলাম, আজকে এই অনুষ্ঠানে এসে সেই রকম অনুভূতি হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তি। ছিল স্থানীয় স্টার ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যান্ড দল ও নৃত্য সংগঠন ত্রিতাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় গত ১৬ জানুয়ারি থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া চলছে। এ আয়োজনে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।