বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ বেইজিং।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে ঢাকায় চীনা দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।

লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়। বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে তাঁর দেশ।

চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশও এক চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং তাইওয়ানের যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতা করে। দুই দেশের নিজ নিজ মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সমর্থন প্রকল্পের অর্থায়ন, নিরাপত্তার নিশ্চয়তা ও নীতিগত সমন্বয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে আত্মবিশ্বাস জোগায়।

লিউ ইউয়িন আরও বলেন, নেতৃত্ব পর্যায়ে কৌশলগত সমন্বয় নিশ্চিত হলেই কেবল রাজনৈতিক পালাবদলের মধ্যেও পৃথক প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের (সিইএবি) সভাপতি হান কুন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে বিআরআই একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্বের উদ্যোগ। এটি শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শিল্পায়নের মতো ক্ষেত্রও এর আওতাভুক্ত।
অনুষ্ঠানের বক্তারা প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।

বিনিয়োগে ছয় অগ্রাধিকার

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লু পেপারের প্রধান গবেষক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, বিআরআইয়ের আওতায় ভবিষ্যৎ বিনিয়োগে প্রকল্পের গুণগত মান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় সক্ষমতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বিনিয়োগের জন্য ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেন। এগুলো হলো অবকাঠামো ও বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্প, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং তৈরি পোশাকশিল্প ও শিল্পায়ন।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ উচ্চগতির রেল নেটওয়ার্ক, বাংলাদেশ-চীন-মিয়ানমার যোগাযোগব্যবস্থা এবং বাংলা ভাষার বৃহৎ ভাষা মডেল ও ভয়েস মডেল যৌথভাবে তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়া স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে তৈরি পোশাক খাতের নারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার চীনা বিনিয়োগকারীদের স্থানীয়ভাবে বস্ত্র, সুতা, কাপড় ও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শুধু কাঁচামাল সরবরাহের মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ না রেখে স্থানীয় উৎপাদনে বিনিয়োগ করা হলে কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন বাড়বে। পাশাপাশি বাণিজ্যঘাটতি কমাতেও তা সহায়ক হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট মিটার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো যৌথভাবে উৎপাদনে চীনা বিনিয়োগের আহ্বান জানান। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পেও চীনের বিনিয়োগ চান তিনি।

বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি, জ্বালানি ও পুঁজিবাজারে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হতে পারে।