পুলিশ সুপার তানভীর সালেহীন হত্যা মামলায় কারাগারে

বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মঙ্গলবার রাতে আটক এসপি তানভীর সালেহীনছবি: সংগৃহীত

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীনকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাঁকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় পুলিশ। আদালত ১৯ ফেব্রুয়ারি রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তানভীর সালেহীনের নাম রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে সারদা থেকে নিয়ে যায়। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান।

আরও পড়ুন

২০২২ সালে তানভীর সালেহীন এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাঁকে ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তাঁর স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি তাঁদের এই শোকজ করছিলেন।

আরও পড়ুন