সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও ডিআইজি নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ

মেহের আফরোজ চুমকিফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের (চুমকি) স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, মেহের আফরোজের বনানীর ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে তাঁর পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মেহের আফরোজের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি মামলা করে দুদক।

মোল্যা নজরুলের সম্পদ ক্রোক

পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, মোল্যা নজরুলের রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের ১৬ কাঠা জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদক বলছে, এ সম্পদের মূল্য ১ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। এর বাইরে তাঁর একটি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক।

সাবেক এসপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এ ছাড়া সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ এ আদেশ দেন।

দুদক আদালতকে বলেছে, ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর মামলা করে দুদক।