ঈদের ছুটি শেষে অফিস খুলল

বাংলাদেশ সচিবালয়ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার সরকারি অফিস, ব্যাংক-বিমাপ্রতিষ্ঠান খুলেছে। সকাল ৯টায় শুরু হয়ে অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেন অসংখ্য কর্মজীবী মানুষ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ইতিমধ্যে ঢাকায় এসেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ঈদ উপলক্ষে সংবাদপত্রশিল্পে টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও গতকাল সোমবার শেষ হয়।