মোশাররফকে মারধরে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধরকারীদের গ্রেপ্তারের দাবি ক্যাম্পাসে মানববন্ধন করে চিটাগাং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিইউজেএন) ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল

প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধরের সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময় বেঁধে দেন। বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বের করতে সময় লাগার কথা নয়। কারণ, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে।

চিটাগাং ইউনিভার্সিটি এক্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিইউজেএন) ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু। কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে মোশাররফকে মারধর করা হয়। এতে তাঁর কপালে চারটি সেলাই দিতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল তাঁর কানের পর্দাও ফেটে গেছে। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়।

ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে বলেন, ‘আর যদি নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হকের অনুসারীরা তাঁকে মারধর করেছেন।

কর্মসূচির শুরুতে ছাত্রলীগের হাতে হেনস্তার অভিজ্ঞতার বিবরণ দেন সমকালের প্রতিনিধি মারজান আক্তার। তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সবার সামনেই তাঁকে হেনস্তা করেছেন। মুঠোফোন কেড়ে নিয়েছেন। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই ঘটনা এখনো ভুলতে পারছেন না।

পরিকল্পনা করে মোশাররফকে মারধর করা হয়েছে। এখন প্রশাসন যদি শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে বুঝে নিতে হবে তারা পৃষ্ঠপোষকতা করছে।
—মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বলেন, প্রতিবেদন তৈরির কারণে একজন পেশাদার সাংবাদিককে এভাবে মারধর করা হয়েছে। সাংবাদিককে নিপীড়নের বিষয়টি অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি ঘটনার বিচার করতে হবে।

তপন চক্রবর্তী প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা নিজেরা মারামারি করেন, উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান, সাংবাদিকদের ওপরও হামলা চালান। আপনারা কি সত্যিই ছাত্রলীগ করেন কি না, সেটা আচরণ দেখে বোঝার উপায় নেই। মোশাররফের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘আমরা যে সময়ে মানববন্ধনে দাঁড়িয়েছি, ঠিক সে সময়ে আমাদের পেশাগত কাজে থাকার কথা ছিল। শিক্ষক ও শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণিকক্ষে। কিন্তু সেটি হচ্ছে না। বারবার আমাদের দাঁড়াতে হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের, সংবাদকর্মীদের ওপর একের পর এক হামলা হচ্ছে। কিন্তু প্রশাসন কারও বিরুদ্ধে শক্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। কিছু ঘটনায় কাগজে-কলমে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু পরীক্ষা দেওয়া থেকে শুরু করে হলে থাকছেন হামলাকারী।’

ছাত্রাবাস থেকে অছাত্রদের বারবার বের করে দেওয়ার ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন শামসুল ইসলাম।

হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে উপাচার্য শিরীণ আখতারের সঙ্গে সাংবাদিক নেতারা বৈঠক করেন। আজ বেলা দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যালয়ে।
ছবি : প্রথম আলো

হাসপাতালে বসে মোশাররফের পরীক্ষা দেওয়ার কথা ছিল না উল্লেখ করে ম. শামসুল ইসলাম বলেন, মোশাররফের শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতালের শয্যায় তাঁর ঠাঁই হয়েছে। এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শৃঙ্খলা পরিপন্থী কাজ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। মোশাররফ শাহর ওপর যে হামলা হয়েছে, এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেই ব্যবস্থা করতেই হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ব্যবস্থা নেওয়ার কথা মুখে বললে চলবে না; বরং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে হবে।

মোশাররফের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত বলে মনে করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। তিনি বলেন, পরিকল্পনা করে মোশাররফকে মারধর করা হয়েছে। এখন প্রশাসন যদি শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে বুঝে নিতে হবে তারা পৃষ্ঠপোষকতা করছে। এ ছাড়া অছাত্রদের বের করে দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময় শেষ হয়েছে। অছাত্ররা হল থেকে বের হয়েছেন কি না, তা–ও খতিয়ে দেখতে হবে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজী মোশাররফের ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, মারজান আক্তার, দোস্ত মোহাম্মদ, মোশাররফ শাহ—একে একে তিন সাংবাদিক ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। এসব নিয়ে নিন্দা জানানোর কিছু নেই। কারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবি গায়ে মাখে না। বারবার উপপক্ষগুলো এসব অপকর্ম করতে থাকে। ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী থেকে কর্মকর্তা-কর্মচারী যাঁদেরই ক্ষমতা রয়েছে, তাঁরাই যে কাউকে নির্যাতন করতে পারেন। কারণ, প্রশাসন তাঁদের প্রশ্রয় দেয়।

খ. আলী আর রাজী বলেন, উপাচার্য কিংবা সহ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আইনকানুন মেনে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ পান না। যেহেতু তাঁরা ওপর থেকে নাজিল হন, সেহেতু তাঁদের চেষ্টা থাকে ওপর মহলকে সন্তুষ্ট করা। পাশাপাশি ক্যাম্পাসে যাঁরা থাকেন, তাঁদের ম্যানেজ করে চারটা বছর পার করে দেওয়া। সাধারণ শিক্ষার্থীদের প্রতি কোনোরকমের দায়বদ্ধতা তাঁরা অনুভব করেন না। সংবাদপত্রে নানা অপকর্ম প্রকাশ পেলে তাঁরা ক্ষুব্ধ হন। ফলে অন্তত সিনেটের মাধ্যমে উপাচার্য, সহ-উপাচার্য নিয়োগ পেলে জবাবদিহির সুযোগ থাকবে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ‘আমরা যখন সাংবাদিকতা করেছি, তখন ক্যাম্পাসে অনেক বৈরী সময় ছিল। তখনো এমন পরিস্থিতির শিকার হতে হয়নি সাংবাদিকদের। কিন্তু অবাক করা বিষয়, এখন ক্যাম্পাসে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা বিচার চাই।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও দ্য ডেইলি স্টারের ব্যুরো প্রধান শিমুল নজরুল ইসলাম বলেন, দলীয়করণ এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সাহস পাচ্ছে না প্রশাসন। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এ অপরাধীদের প্রশ্রয় দেওয়ার যৌক্তিকতা নেই।

সিইউজেএনের সভাপতি হামিদ উল্লাহ অছাত্রদের বের করে দেওয়ার দাবি জানান। বলেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ক্যাম্পাসে নৈরাজ্য চালাচ্ছেন। এসব নিয়ে লিখেছেন বলেই মোশাররফের ওপর হামলা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দেখা যাচ্ছে, বিলুপ্ত কমিটির সভাপতি রেজাউল হক ভর্তি হয়েছিলেন প্রায় ১৬ বছর আগে। এ রকম আরও আছে। অছাত্রদের বের করে দিতে হবে।

সমকালের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমন বলেন, ‘এই ক্যাম্পাসে পড়াশোনা করেছি। সাংবাদিকতা করেছি। কিন্তু এই প্রশাসনের মতো এমন নির্লজ্জ আর দেখিনি। বারবার সংবাদকর্মীদের ওপর হামলা হচ্ছে। কিন্তু উপাচার্য শুধু বিচারের আশ্বাস দিয়ে যাচ্ছেন।’

সারোয়ার সুমন উপাচার্যের উদ্দেশে বলেন, ছাত্রলীগের গুটিকয় নেতা-কর্মীকে বাঁচাতে যাবেন না। এভাবে বেশি দিন থাকতেও পারবেন না। আপনি গুটিকয় ছাত্রলীগ নামধারীর অভিভাবক না হয়ে, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হোন।

দৈনিক আজকের পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান ও সিইউজেএনের সাধারণ সম্পাদক সবুর শুভ প্রতিবাদ জারি রাখার ঘোষণা দেন। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগপর্যন্ত প্রতিবাদ জারি থাকবে। সিইউজেএনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে।

এদিকে মানববন্ধন শেষে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য শিরীণ আখতার, প্রক্টর নূরুল আজিম সিকদারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। উপাচার্য শিরীণ আখতার শাস্তির আশ্বাস দিয়ে বলেন, মোশাররফকে মারধরের ঘটনায় গতকাল সোমবার রাতে মামলা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।