শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া একটা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির প্রথম আলোকে বলেন, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল শনিবারও সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ৩টি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর যাত্রাবাড়ী চৌরাস্তা ও শহীদ ফারুক সরণি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর পরপরই গতকাল রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তা জোরদারের এ তথ্য জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এই তল্লাশি কার্যক্রম চলমান থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে তারা।