শ্রমিকদের বেশির ভাগ অভিযোগই মজুরি-চাকরিচ্যুতি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এক ব্যক্তি। তাঁকে গত জানুয়ারি মাসে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। তিনি প্রতিকার চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) অভিযোগ করেন। পরে দুই পক্ষকে ডেকে অভিযোগের নিষ্পত্তি করে অধিদপ্তর।

নাম প্রকাশ না করার শর্তে অভিযোগকারী এই ব্যক্তি প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী, কাউকে চাকরিচ্যুত করলে বা কোনো কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলে অন্তত এক মাস আগে নোটিশ দিতে হয়। কিন্তু কোনো নোটিশ না দিয়েই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল। এ ব্যাপারে তিনি অভিযোগ করলে অধিদপ্তর দুই পক্ষকেই ডাকে। পরে প্রতিষ্ঠানটি তাঁকে এক মাসের বেতন দিয়ে মীমাংসা করে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০২১-২২) চাকরিচ্যুতি, বেতন না দেওয়াসহ কর্মক্ষেত্রের নানা অনিয়ম-সংক্রান্ত তিন হাজারের বেশি অভিযোগের নিষ্পত্তি করেছে তারা। নিষ্পত্তি করা অভিযোগগুলোর বেশির ভাগই ছিল মজুরি ও চাকরিচ্যুতি-সংক্রান্ত।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরটি বলছে, তারা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুসরণ করে শ্রমিকদের কল্যাণ, পেশাগত স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে। একটি প্রধান কার্যালয় ও ৩১টি জেলা কার্যালয়ের মাধ্যমে কাজগুলো করা হয়।

অধিদপ্তর সূত্র বলছে, তারা সবচেয়ে বেশি অভিযোগ পাচ্ছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে। এর কারণ হতে পারে, এসব এলাকায় শিল্পকারখানার সংখ্যা বেশি। অভিযোগকারীদের মধ্যে তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা আছেন।

অধিদপ্তরের গত অর্থবছরের (২০২১-২২) তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে মোট ৩ হাজার ৬০৪টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২ হাজার ৯৯২টি অভিযোগ আসে প্রচলিত পদ্ধতিতে। সব কটি অভিযোগই নিষ্পত্তি করা হয়েছে। তবে অভিযোগগুলোর ধরন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ে গত ৯ মাসে (২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ) ৬২০টি অভিযোগ এসেছে। এর মধ্যে গতকাল রোববার পর্যন্ত ৬১২টি অভিযোগের নিষ্পত্তি করেছে অধিদপ্তর।

অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন প্রথম আলোকে গতকাল বলেন, মোট অভিযোগের ৭০ থেকে ৭৫ শতাংশই মজুরি ও চাকরিচ্যুতি-সংক্রান্ত। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটিসহ নানা বিষয় নিয়ে অভিযোগ আসে। অভিযোগ পেলে প্রতিকারের জন্য নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কর্মক্ষেত্রে কেউ অনিয়ম-বঞ্চনার শিকার হলে প্রতিকার চেয়ে অনলাইনে লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা), ই-মেইল, সরাসরি, প্রচলিত পদ্ধতিতে চিঠি দিয়ে বা শ্রমিক হেল্পলাইনে (১৬৩৫৭) ফোন করে অভিযোগ করতে পারেন। অভিযোগ পাওয়ার পর তা নিষ্পত্তির জন্য অভিযোগকারী ও যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ—উভয় পক্ষকে ডাকে অধিদপ্তর। কোনো কারণে অভিযোগের নিষ্পত্তি বা মীমাংসা করা না গেলে অভিযোগকারীকে শ্রম আদালতে যাওয়ার পরামর্শ দেন অধিদপ্তরের কর্মকর্তারা। সে ক্ষেত্রে অধিদপ্তরের পক্ষ থেকে শ্রম আদালতে একটি চিঠি দেওয়া হয়, যাতে অভিযোগকারী শুনানির বিষয়ে অগ্রাধিকার পান।

দুজন শ্রমিকনেতার ভাষ্য, তুলনামূলকভাবে ছোট-মাঝারি কারখানার বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ বেশি। তারা অনেক সময় নিয়মনীতি মানতে চায় না। আইন অনুযায়ী, মাস শেষে পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে বেতন বা মজুরি পরিশোধের কথা। কিন্তু অনেক সময় তারা তা মানে না। আবার নারী শ্রমিকেরা সন্তানসম্ভবা হলে তাঁদের আর্থিক সুবিধা ও মাতৃত্বকালীন ছুটি দেওয়ার নিয়ম আছে। কিন্তু ছোট কারখানায় এই নিয়ম মানার প্রবণতা কম। তবে সরাসরি রপ্তানি করে—এমন বড় কারখানার বিরুদ্ধে অভিযোগ তুলনামূলকভাবে কম। আবার অনিয়মের শিকার হলেও কেউ কেউ অভিযোগ করতে চান না। এ ক্ষেত্রে শ্রমিকেরা ভাবেন, অভিযোগ বা মামলা করলে ভবিষ্যতে হয়তো চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার গতকাল প্রথম আলোকে বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে তৈরি পোশাক খাত থেকেই বেশি অভিযোগ যায়। অভিযোগগুলোর বেশির ভাগই নিষ্পত্তি করা হয়।

তবে অধিদপ্তরে শ্রমিকদের ন্যায়বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলে বাবুল আখতার বলেন, অনেক ক্ষেত্রেই দায়সারাভাবে অভিযোগের নিষ্পত্তি করা হয়। আইন অনুযায়ী, শ্রমিকের যে পরিমাণ টাকা পাওয়ার কথা, তার চেয়ে কম টাকায় মীমাংসা হয়।

দায়সারাভাবে বা কম টাকায় শ্রমিকের অভিযোগের নিষ্পত্তির বিষয়টি অস্বীকার করেছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সম্মতি ছাড়া কোনো অভিযোগ নিষ্পত্তি করা যায় না। কোনো পক্ষের সামান্য আপত্তি থাকলেও অভিযোগ নিষ্পত্তির সুযোগ নেই। সে ক্ষেত্রে অভিযোগ শ্রম আদালতে পাঠানো হয়।