ঈদে এবার পছন্দের শীর্ষে হালকা কাজের পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেদের ঈদের বাজারে পাঞ্জাবি বরাবরই বিশেষ কদর পায়। দোকানে পাঞ্জাবি দেখছেন একজন ক্রেতা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে
ছবি: খালেদ সরকার

সূর্য তার তেজ দিন দিন দেখিয়েই যাচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দেশে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম শিগগিরই কমবে না। এমন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতরে আরামদায়ক কাপড়ে তৈরি পাঞ্জাবি খুঁজছেন ক্রেতারা। হালকা কাজ ও একরঙা পাঞ্জাবিই এবার পছন্দের শীর্ষে।

ঈদের নামাজ থেকে শুরু করে পারিবারিক আয়োজন, বন্ধুদের আড্ডা—সবখানেই পাঞ্জাবি খুব মানানসই পোশাক। ছেলেদের ঈদের বাজারে তাই পাঞ্জাবি বরাবরই বিশেষ কদর পায়।

মো. আলামিন ধানমন্ডির লা রিভে পাঞ্জাবি দেখছিলেন। তাঁর বাজেট তিন হাজার টাকা। এর মধ্যে সুতির আরামদায়ক কোনো পাঞ্জাবি পছন্দ হলে তিনি নেবেন। আলামিন জানান, গত বছর ঈদে তিনি প্রিন্টের পাঞ্জাবি পরেছিলেন। তবে এবার তিনি একরঙা পাঞ্জাবিই কিনবেন।

গতকাল মঙ্গলবার কয়েকটি ব্র্যান্ডের শোরুমে খোঁজ নিয়ে দেখা গেল, একরঙা পাঞ্জাবির চাহিদা বেশি। যেখানে পাঞ্জাবির হাতা, গলায় ও বুকে নানা উপকরণের কাজ থাকে।

সেইলরের ধানমন্ডির শোরুমের ইনচার্জ তারেক রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের বিভিন্ন নকশার বিভিন্ন দামের পাঞ্জাবি আছে। সাদা ও একরঙের ওপর হালকা কাজ করা পাঞ্জাবি ক্রেতারা পছন্দ করছেন বেশি। আড়াই থেকে তিন হাজার টাকা দামের পাঞ্জাবিই তাঁদের বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া তাঁদের প্রিমিয়াম কিছু পাঞ্জাবিও রয়েছে। যেগুলোতে পাঞ্জাবির সঙ্গে পায়জামা ও কোটি রয়েছে। এগুলোর দাম ১০ হাজার টাকার বেশি।

এবার লা রিভ তাদের থিমে কমলা রংকে প্রাধান্য দিয়েছে। তাদের ধানমন্ডি শোরুমের ইনচার্জ ইয়ান হোসেন বলেন, এবারের ঈদ আনন্দকে বিশেষ করে তুলতেই পোশাকেও তাঁরা উৎসবের রং হিসেবে কমলাকে নিয়ে এসেছেন।

ক্রেতারা বলছে, এবার পোশাকের দামও বাড়তি। যেসব পাঞ্জাবি আগে ১ হাজার ৮০০ থেকে ২ হাজারের মধ্যে ছিল, সেগুলোর জন্য এবার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা গুনতে হচ্ছে।

নিয়াজ আমান নামের একজন মগবাজার থেকে বসুন্ধরা সিটিতে এসেছেন পোশাক কিনতে। তিনি শপিং মলটিতে থাকা বেশ কিছু ব্র্যান্ডের শোরুমে পাঞ্জাবি দেখেছেন। নিয়াজ প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের পোশাকেরই দাম বাড়তি। গত বছরও যেসব পাঞ্জাবি ২ হাজার টাকার মধ্যে দেখেছি, সেগুলো এবার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।’

যদিও বিক্রেতারা বলছেন, দাম তাঁরা খুব একটা বাড়াননি। টুয়েলভ ক্লোদিংয়ের ধানমন্ডি শোরুমের ইনচার্জ রানা বলেন, কাঁচামালের দাম বাড়ায় সামান্য কিছু দাম বেড়েছে।

ব্র্যান্ডের পাঞ্জাবি কিনতে হলে এবার ক্রেতাকে দেড় হাজার টাকার বেশি খরচ করতে হবে। এ ছাড়া মান ও কাপড় ভেদে নানা দামের পাঞ্জাবি এসেছে ঈদ উপলক্ষে।

বসুন্ধরা শপিং মলের ইলিয়েন ব্র্যান্ডের দোকানে কিছুটা ভিড় দেখা গেল। এক ক্রেতা মুঠোফোনে একটি পাঞ্জাবির ছবি দেখিয়ে জানতে চাইলেন পাওয়া যাবে কি না? কিন্তু শোরুমে সেটি ছিল না। এখানকার বিক্রেতারা জানান, তাঁদের সাড়ে তিন থেকে সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবির চাহিদা বেশি। তাঁদের পাঞ্জাবিগুলোও হালকা কাজের।

পাঁচ বছরের ছেলের পাঞ্জাবির জন্য দেশী দশে এসেছেন সুমাইয়া ইসলাম। হালকা সবুজ রঙের ওপর কাজ করা একটি পাঞ্জাবি তিনি ছেলের জন্য কিনেছেন। শিশুদের পাঞ্জাবি একটু বেশি রঙিন ও নানা ধরনের নকশা করা। এসবের দাম ৭০০ থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে।

দেশী দশে এক যুগল ঘুরে ঘুরে পাঞ্জাবি দেখছিলেন। নকশা পছন্দ হলে আবার দামে মিলছে না বলে জানান তাঁরা। তবে পরে আরাম পাবেন এমন পাঞ্জাবিই তাঁরা কিনতে চান।

দেশী দশের অঞ্জনসের ইনচার্জ কাওসার আহমেদ বলেন, একটু সলিড ও হালকা ধরনের পাঞ্জাবির চাহিদা রয়েছে।