রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের জন্য নৈতিক বিজয় হলেও তা বাস্তবায়নে বহুমুখী সংকট আছে। এ রায় কার্যকর করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, মিয়ানমার ও রাখাইনে ক্ষমতাসীন শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। সমস্য সমাধানে তাই রোহিঙ্গা সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বহুমুখী উদ্যোগ নিতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনার আয়োজক আমার বাংলাদেশ (এবি) পার্টি।
এম সাখাওয়াত হোসেন বলেন, আইসিজের রায়টি কিছুটা জটিল। আদালত মিয়ানমারকে দায়ী করেছে। তবে এ দায় মিয়ানমারের বর্তমান সরকার নাকি অতীতের সরকারের ওপর বর্তাবে, তা স্পষ্ট নয়। রায় বাস্তবায়নের দায়িত্ব কার ওপর পড়বে, সেটিও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ রায়কে বাংলাদেশের জন্য নৈতিক বিজয় বলা যেতে পারে। কারণ, রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞের জন্য একটি দেশকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা পরিচয়ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। যে পরিচয় মিয়ানমার বরাবরই অস্বীকার করে আসছে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা। এ সংকট মোকাবিলায় সতর্ক থাকতে হবে। আইসিজের রায় হয়েছে বলেই তা সরাসরি বাস্তবায়ন করা যাবে, এমনটি মনে করার কারণ নেই। রায় বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে নিরাপত্তা পরিষদে বিরোধিতা আসতে পারে। ফলে রায় বাস্তবায়নের ভবিষ্যৎ নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও দক্ষতার ওপর।
মিয়ানমারের ওপর চীনের যথেষ্ট প্রভাব আছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, এ কারণে চীনকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এ উদ্যোগ বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়াতে পারে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের পথ তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
আলোচনায় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকট তৈরি করতে পারে, তা সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে। একইভাবে চীনের জন্য মালাক্কা প্রণালি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে চীন দ্রুত ভারত মহাসাগরে প্রবেশের সুযোগ পাবে। এ করিডর বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বও বাড়াতে পারে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে বলেও মত দেন আকবর এলাহী। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকেও বিআরআইয়ের সঙ্গে যুক্ত করে সমাধানের পথ খোঁজা উচিত। এ বিষয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে চাপ দিতে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
আলোচনায় আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালতের রায় একটি বড় অর্জন। এ রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করে আন্তর্জাতিক অঙ্গন ও জাতিসংঘের কাছে রায় বাস্তবায়নের আহ্বান জানানোর পরামর্শ দেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট বড় উদ্বেগের বিষয়। রোহিঙ্গা শিবিরে মানবেতর জীবনযাপন, মাদক ও নিরাপত্তাঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করছে। এ সংকট সমাধানে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।
রোহিঙ্গা সংকটকে ঘিরে কক্সবাজারে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর ব্যবসা গড়ে উঠেছে বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।