পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদফাইল ছবি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, পবিত্র মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে, ইনশা আল্লাহ।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন ধর্মমন্ত্রী। ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার মধ্যে ধর্মমন্ত্রী বিবৃতি পাঠিয়ে এ কথা বললেন।

বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশা আল্লাহ। প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেছেন, ‘মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র, মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, যাতে বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।’

মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন ধর্মমন্ত্রী।