উপাচার্য নিয়োগ সার্চ কমিটি পুনর্গঠন

শিক্ষা মন্ত্রণালয়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য সার্চ কমিটি পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ছয় সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে।

বুধবার মন্ত্রণালয় এ কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান। কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।

এ কমিটি কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করবে। বাছাই করা তিনজন ব্যক্তির মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনের জন্য সরকারের কাছে সুপারিশ করবে।

সম্প্রতি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।