সাংবাদিককে মারধরের মামলায় তিনজনের কারাদণ্ড
বেসরকারি যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল হাসানকে রাজধানীর চকবাজারে মারধরের ঘটনায় করা মামলায় তিনজনের চার মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডিত তিন আসামি হলেন মো. রহিম, মো. জব্বার ও মো. জাকির। একই মামলায় খালাস পেয়েছেন আরও তিন আসামি। তাঁরা হলেন হাবিবুর রহমান, মো. অভি ও শাওন হওলাদার। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাকিল হাসানের আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরি নিয়ে প্রতিবেদনের তথ্য সংগ্রহের সময় মারধরের শিকার হন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ভিডিও চিত্রগ্রাহক শাহীন আলম। এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন।
পরে আদালত ২০১৮ সালের ৪ জানুয়ারি মামলাটি তদন্ত করে আবদুর রহিম, জব্বার, জাকির, হাবিবুর রহমান, মো. অভি ও শাওন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বাদীপক্ষে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।