লোডশেডিংয়ের জন্য সরকারের ‘গণবিরোধী নীতি’ দায়ী, চট্টগ্রামে অবস্থান কর্মসূচিতে বিএনপি
লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি। এ সময় দলটির নেতা–কর্মীরা বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির জন্য সরকারের ‘গণবিরোধী নীতি’কে দায়ী করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান করেন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়। বিদ্যুৎ ভবনে প্রবেশেও ছিল কড়াকড়ি। অবস্থান কর্মসূচি শেষে বিএনপির নেতারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিমকে স্মারকলিপি দেন। তবে স্মারকলিপি দেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের ভেতরে যেতে দেওয়া হয়নি। তাঁদের প্রধান ফটকে আটকে দেওয়া হয়।
বিদ্যুৎ ভবনের সামনে অবস্থানের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে।
এর ওপর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন পার করছেন। গ্রামে চাহিদার তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে। মফস্সল শহরগুলোয় রাতে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলায়ও অধিকাংশ সময় লোডশেডিং থাকে।
লোডশেডিংয়ের জন্য সরকারের গণবিরোধী নীতিকে দায়ী করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করে বলেন, সরকার পছন্দের ব্যক্তিদের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের দায়িত্ব দিয়েছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।
আবু সুফিয়ান আরও বলেন, বিদ্যুতের অভাবে ক্ষুদ্র, মাঝারি উৎপাদন শিল্প ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখন সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য ইদ্রিস মিয়া, আবু মোহাম্মদ, এস এম মামুন মিয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, এম এ হালিম, ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।