বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

কাদের গনি চৌধুরীছবি: প্রথম আলো

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ (মো. কামাল উদ্দিন মজুমদার)। তিনি গত ৮ এপ্রিল এ পদে যোগ দেন। এর আগের দিন ৭ এপ্রিল তাঁকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। সে হিসাবে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কাদের গনি চৌধুরীকে নতুন করে এ পদে নিয়োগ দেওয়া হলো।

কাদের গনি চৌধুরীর নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁকে অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।

কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।