বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক অলক পাল

নদী ও নদীর পাশে যে অত্যাচার চালানো হয়েছে, তার মাশুল দিতে হচ্ছে এখন

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশও পানিতে তলিয়ে গেছে। এতে বান্দরবান ও পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতি সৃষ্টির কারণ এবং কারও কোনো দায় আছে কি না—এসব নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল
ছবি: সংগৃহীত
প্রশ্ন:

প্রথম আলো: বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণ কী বলে মনে হয়?

অলক পাল: এমন বন্যার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ তো অবশ্যই প্রাকৃতিক। এবার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল। তাতে বন্যার এই রূপ দেখা দিয়েছে।

আরও কিছু কারণ আছে। এ অঞ্চলগুলোর মধ্যে তিনটি বড় নদী প্রবাহিত হয়েছে। এগুলো হচ্ছে শঙ্খ বা সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদী। এগুলো এ অঞ্চলগুলোর জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। এই নদীগুলো পলি জমে জমে ভরাট হয়ে গেছে। ফলে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি সাগরে টেনে নিয়ে যেতে পারছে না। এতে আশপাশের এলাকা প্লাবিত হয়ে পড়ছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। তবে সবচেয়ে বেশি দায় রয়েছে মানবসৃষ্ট কারণের।

প্রশ্ন:

প্রথম আলো: মানবসৃষ্ট কারণের বিষয়টি যদি বিস্তারিত বলতেন...

অলক পাল: তিনটি নদীরই উৎসমুখ হচ্ছে পাহাড়ি এলাকায়। পাহাড়ে প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে এবং তা অব্যাহত আছে। মূলত পাচার ও তামাক চাষের কারণে বিশাল আকৃতির গাছগুলো কেটে ফেলা হয়। এভাবে গাছ কাটার ফলে পাহাড়ের মাটির ধারণক্ষমতা কমে যাচ্ছে। মাটি নরম হয়ে পড়ছে। ফলে ভারী বৃষ্টি হলেই পাহাড়ধস হচ্ছে এবং সে মাটি বৃষ্টির সময় নিচে নেমে আসছে।

আবার বর্তমান সময়ে পাহাড়ি এলাকায় মৌসুমি ফলের চাষ বাড়ছে। অর্থনৈতিকভাবে তা লাভজনক হওয়ায় এই চাষের বিস্তৃতি এলাকা ক্রমেই বেড়ে চলছে। অর্থনৈতিক বিষয়ে নজর দেওয়া হলেও পরিবেশগত প্রভাবের দিকে কারও নজর আছে বলে মনে হয় না। কেননা, এই চাষাবাদের কারণে পাহাড়ে ব্যাপক পরিমাণে মাটি খোঁড়াখুঁড়ি চলছে। একই সঙ্গে মানুষের বসতিও বাড়ছে। এসব কারণে পাহাড়ের প্রাকৃতিক বন ধ্বংস হয়ে যাচ্ছে। আগে বৃষ্টি হলেও শুধু পানি নেমে আসত, এখন পানির সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢলে মাটি ও বালুও নদীতে এসে পড়ছে। ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে। নদীর পানির ধারণক্ষমতা কমেছে।

এক দশক ধরে এসব প্রবণতা অনেক বেশি বেড়েছে। নদী ও নদীর পাশে যে অত্যাচার চালানো হয়েছে, তার মাশুল দিতে হচ্ছে এখন। 

প্রশ্ন:

প্রথম আলো: এসবে বাইরে কি কোনো কারণ নেই?

অলক পাল: আরেকটি বিষয় রয়েছে। সেটি হচ্ছে সড়ককেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়ন। এর অর্থ হচ্ছে, আমাদের এখানে সড়ক হলে এর আশপাশে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়। এগুলো ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার কেউ নেই। আপনি যদি কক্সবাজারের চকরিয়ার উপজেলার হারবাং থেকে চিরিঙ্গা পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে দেখবেন সেখানে অনেক ভবন হয়েছে। এসব ভবনের অনুমোদন কে দেয়, কারা তদারকি করে, তা কেউ জানে বলে মনে হয় না। এগুলোর আসলে কোনো তদারকি সংস্থা নেই। এগুলোও বন্যার কারণ।

প্রশ্ন:

প্রথম আলো: দক্ষিণ চট্টগ্রামে এবার বন্যার যে রূপ, তা আগে কখনো দেখেননি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, নতুন রেললাইনের কারণে এই বছর বন্যা এমন ভয়াবহ হয়েছে। আপনার মতামত কী?

অলক পাল: যাচাই–বাছাই বা কোনো ধরনের স্টাডি ছাড়া এ ব্যাপারে সিদ্ধান্ত আসা কঠিন। তবে আমাদের এখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় অধিকাংশ ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়নের বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বা ইচ্ছাকৃতভাবে নজর দেওয়া হয় না। যার কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়। তবে দক্ষিণ চট্টগ্রামের বন্যা যে নতুন রেললাইনের কারণে হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

প্রশ্ন:

প্রথম আলো: বন্যার এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার দায় কার?

অলক পাল: আসলে এমন পরিস্থিতি তৈরির হওয়ার পেছনে প্রশাসনের উদাসীনতা বা গাফিলতি ছিল বেশি। আপনি যখন শুষ্ক মৌসুমে শঙ্খ, মাতামুহুরী বা বাঁকখালী নদীর পাশ দিয়ে যাবেন, তাহলে সেখানে নদীর অস্তিত্ব খুঁজে পেতে আপনার কষ্ট হবে। বিভিন্ন অংশে চর জমেছে। অনেক জায়গায় পানির প্রবাহ নেই। ভরাট হয়ে খেলার মাঠ হয়ে গেছে। কোথাও মাছ চাষের জন্য বাঁধ দেওয়া হয়েছে। গাছ কাটা বন্ধ, তামাক চাষ, নদীতে মাছের ঘের অপসারণসহ নানা অনিয়ম রোধ করার জন্য যে রকম প্রশাসনিক নজরদারি থাকা প্রয়োজন ছিল, তা আসলে নেওয়া হয়নি।

আবার ভরাট হয়ে যাওয়া নদীগুলো খননের উদ্যোগ নেওয়া দরকার ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে বারবার নির্দেশনা দিয়েছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নদীগুলো খনন করেনি বা উদ্যোগ নেয়নি। নদীগুলো যদি পরিকল্পিতভাবে খনন করা হতো তাহলে সেখানে পলি জমত না। ভরাটও হতো না। এতে বন্যার ভয়াবহতা অনেকটাই কমত।  

প্রশ্ন:

প্রথম আলো: এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? কী পদক্ষেপ নেওয়া দরকার?

অলক পাল: প্রথমত, পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে, এমন কোনো কিছু করা যাবে না। আর নদীগুলোতে যাতে পানির প্রবাহ সব সময় স্বাভাবিক থাকে, এমন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

আমাদের এখন আরেকটি বিষয়ে নজর দেওয়া খুব জরুরি। সেটি হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রকৃতি ও পরিবেশের ব্যাপারে আরও সংবেদনশীল হতে হবে। তাঁরা অবকাঠামোগত উন্নয়নের কথা চিন্তা করেন, ঠিক আছে। সে কাঠামোগত পরিকল্পনা ও বাস্তবায়ন করতে গেলে প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে নজর দিতে হবে। আর যদি তা করা না হয় তাহলে উন্নয়ন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।