স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব স্থাপত্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ কমিউনিটি রেজিলিয়েন্স নিয়ে আলোচনা সভার আয়োজন করে
ছবি: সংগৃহীত

বিশ্ব স্থাপত্য দিবস উপলক্ষে ‘আর্কিটেকচার ফর রেজিলিয়েন্ট কমিউনিটি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগ।

গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক জহির, স্থপতি সালমা এ শফি, নগর–পরিকল্পনাবিদ সহযোগী অধ্যাপক অপূর্ব কে পোদ্দার এবং ল্যান্ডস্কেপ ডিজাইনার ও স্থপতি ফুয়াদ কাইয়ুম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামসুল ওয়ারেস। আলোচনার শুরুতে স্থাপত্য বিভাগের প্রধান সাজিদ বিন দোজা চারজন বিশিষ্ট প্যানেলিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন।  

বক্তাদের উপস্থাপনা এবং আলোচনায় স্থাপত্যে ‘রেজিলিয়েন্স’ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং চিন্তাভাবনা উঠে আসে। সবাই তাদের নিজ নিজ পেশাগত দৃষ্টিকোণ থেকে ‘কমিউনিটি রেজিলিয়েন্স’ ও স্থপতিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট বিপর্যয়ে পরবর্তী অবস্থায় স্থাপত্য, নির্মিত পরিবেশ ও মানুষ কীভাবে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করতে পারে, তার ওপর দৃষ্টিপাত করা হয়। আলোচনার শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।