বিএনপির আরও ৩৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার বিএনপির ৩৯ নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
ফাইল ছবি

পুলিশের দায়ের করা মামলায় বিএনপির আরও ৩৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ সোমবার তাঁদের হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে বিএনপির ১৯৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে পুলিশ।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেমরা থানায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া কদমতলী থানা-পুলিশ আরও সাতজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

ডেমরা থানার একটি মামলায় গ্রেপ্তার বিএনপির ২৩ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আসামিরা গতকাল রোববার রাত ৯টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টারে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছিলেন। পরে রাত ১০টার দিকে বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তিন থেকে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটান। এ ছাড়া ডেমরা থানার অপর মামলায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ২৯ জুলাই (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে মাতুয়াইলের আসমানী পেট্রোল পাম্পের পশ্চিম পাশে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা–কর্মীরা ঢুকে পড়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এর আগে গতকাল বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ দলটি ও এর অঙ্গসংগঠনের ১৬৪ নেতা–কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ২৪ জনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। বাকি ১৪০ নেতা–কর্মীকে কারাগারে পাঠানো হয়। আইনজীবী, পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত শনিবার ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষের পর দারুস সালাম থানা–পুলিশ ৫২ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা–পুলিশ গ্রেপ্তার করে ৩৩ জন, উত্তরা পূর্ব থানা ২২, যাত্রাবাড়ী থানা ১৮, ওয়ারী থানা ৯, সূত্রাপুর থানা ৫, কলাবাগান থানা ১, পল্লবী থানা ২, পল্টন থানা ২, শেরে বাংলানগর থানা ৬, কদমতলী থানা ২, শ্যামপুর থানা ২, কোতোয়ালি থানা ৫ ও বংশাল থানা–পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।