বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি চিকিৎসা। শারীরিক সুস্থতা বজায় রাখতে কিংবা আকস্মিক দুর্ঘটনায় ছুটতে হয় হাসপাতালে। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায়, চিকিৎসার সর্বাধুনিক সুযোগ-সুবিধার প্রায় সবটাই রাজধানীকেন্দ্রিক। দেশের বিভিন্ন স্থান থেকে শুধু চিকিৎসার প্রয়োজনে ঢাকায় ছোটেন রোগীরা। অনেকেই আবার বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন উন্নত চিকিৎসার জন্য।

নিজ শহরে যদি আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়া যায়, তাহলে ছুটতে হয় না ভিন্ন শহরে বা ভিন্ন দেশে। এখন থেকে চট্টগ্রামবাসীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী অথবা দেশের বাইরে যেতে হবে না। কারণ, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে চালু হয়েছে এভারকেয়ার হাসপাতাল, যা বাণিজ্যিক রাজধানীতে প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ হাসপাতাল। সার্বক্ষণিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তির বিশেষায়িত এই হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য গুণগত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে সেবাদান ও কার্যক্রম চালু হলেও কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন কিছুটা দেরিতে হয়।

ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সমন্বিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক এভারকেয়ার হেলথ ফান্ড ও যুক্তরাজ্যের সিডিসি গ্রুপ। বিশ্বের ছয়টি দেশে এভারকেয়ারের হাসপাতাল রয়েছে। এর মধ্যে চট্টগ্রামেরটি এভারকেয়ারের ৩০তম ও বাংলাদেশের দ্বিতীয় হাসপাতাল। এটি মাল্টিস্পেশালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল।

চট্টগ্রামের অক্সিজেনের অনন্যা আবাসিক এলাকায় ৪ লাখ ৯২ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত হয়েছে এভারকেয়ার হাসপাতালটি। এটি চট্টগ্রামের একমাত্র হাসপাতাল, যাতে রয়েছে ফ্ল্যাগশিপ ফ্যাসিলিটি।

চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে এভারকেয়ার হাসপাতালে রয়েছে ৪৭০টি শয্যা। এখানে ক্যানসার, হৃদ্‌রোগ, নিউরো-অর্থোপেডিকস, গ্যাস্ট্রোএন্টারোলজি, কিডনি রোগসহ ২৯টি বিভাগ রয়েছে।
এভারকেয়ারে সেবা নিতে আসা রোগীরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ২৪/৭ জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবাসম্পন্ন অ্যাম্বুলেন্স। চিকিৎসাসেবায় দেশের শীর্ষস্থানীয় কনসালট্যান্ট ও চিকিৎসক, ২৪/৭ ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি সার্ভিস। আরও আছে কম্প্রিহেনসিভ হার্ট সেন্টার, নিউরোসায়েন্স সেন্টার, একটি মা ও শিশু সেন্টার, বোন অ্যান্ড জয়েন্টস সেন্টার এবং ডাইজেস্টিভ ডিজঅর্ডার সেন্টারসহ ১২টিরও বেশি উচ্চমানসম্পন্ন সেন্টার। এসব সেন্টারের প্রতিটির মাধ্যমে বিশ্বমানের চিকিৎসাসেবার সর্বোত্তম সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক ডা. মো. ফজলে আকবর চৌধুরী জানান, চট্টগ্রামের মানুষের এখন স্বাস্থ্যসেবার জন্য বন্দরনগরীর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এটি একটি মাল্টিস্পেশাল হাসপাতাল, যা সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের মেডিকেল প্রফেশনাল দ্বারা পরিচালিত। আমরা আশা করছি, এ হাসপাতাল চট্টগ্রামে ইতিবাচকভাবে সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতে স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে। চট্টগ্রামের প্রথম হাসপাতাল হিসেবে এটি মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশনসহ ক্যানসার চিকিৎসার সম্পূর্ণ ও সর্বাধুনিক সেবা নিশ্চিত করবে। মা ও শিশুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এখানে ব্যথামুক্ত সন্তান প্রসবের সর্বাধুনিক সুযোগ-সুবিধা আছে।