নারীর বিরুদ্ধে সহিংসতার মূল কারণ খুঁজতে হবে
সমাজে নারীর বিরুদ্ধে সহিংসতার মূল কারণগুলো খুঁজে বের করতে হবে। এর জন্য সামগ্রিকভাবে সামাজিক কাঠামোগুলোকে মূল্যায়ন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষ ছড়ায়—এমন কনটেন্টগুলোর দিকেও নজর দিতে হবে।
অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমও নারীর প্রতি সহিংসতার ঘটনা বাড়ায়।
আজ মঙ্গলবার রাজধানীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বক্তাদের মতে, নারীর প্রতি সহিংসতা রোধে যথাযথ পরিকল্পনা নেওয়ার জন্য প্রকৃত ডেটা সংগ্রহ হওয়া জরুরি এবং নারীর শিক্ষা ও অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে পৃথকভাবে এ-সংক্রান্ত জরিপ হওয়া উচিত।
‘জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) বিদ্যমান নির্দেশকগুলো কি যথেষ্ট?’ শিরোনামে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয় ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কার্যালয়ে। বৈঠকের মিডিয়া সহযোগী ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
২০১৮ সালে ইউএনএফপিএ ২০৩০ সালের মধ্যে তিন শূন্য অর্জনে গুণগতমান ডেটার ওপর কৌশল নির্ধারণের পরিকল্পনা নেয়। তিন শূন্য হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অপূর্ণ চাহিদা, মাতৃমৃত্যু এবং জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, মেয়েদের খতনা ইত্যাদির মতো ক্ষতিকর চর্চা শূন্যে নামিয়ে আনা। এর অংশ হিসেবে জিবিভির ওপর আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশে ডেটার অভাব নেই। তবে সেসব ডেটা কথা বলে না। বিভিন্ন বিষয়ের ওপর জরিপের সফলতা নির্ভর করে। যে স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে, সেখান থেকে ডেটা সংগ্রহ করা উচিত।
বৈঠকে বক্তব্য দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ইউএনএফপিএর জনসংখ্যা, পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান শহিদুল ইসলাম, আইনজীবী সারা হোসেন, একশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির, ব্র্যাকের জেন্ডার অ্যান্ড ডাইভার্সিটি বিভাগের পরিচালক নবনীতা চৌধুরী, স্বয়ংয়ের চিফ অব স্টাফ মো. মুনতাসির, আইনজীবী সালমা আলীসহ অনেকে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপপরিচালক (জনসংখ্যা ও স্বাস্থ্য শাখা) আসমা আখতার এবং পিপিআরসির জ্যেষ্ঠ ফেলো মোহাম্মদ আবদুল ওয়াজেদ অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতার জরিপের বিভিন্ন তথ্য তুলে ধরেন।