বিরোধের জেরে ঢাবিতে ছাত্র ইউনিয়নের আরেকটি কমিটি
বামপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুটি পক্ষের মধ্যে দুই বছর ধরে চলা বিরোধের জেরে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আরও একটি কমিটি গঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের ১৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক ও সালাউদ্দিন আম্মারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রাকিব-সালাউদ্দিনকে নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ফয়েজ উল্লাহ ও দীপক শীলের নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় অংশ। সংগঠনের কেন্দ্রে ফয়েজ-দীপকের বিপরীতে ‘বিদ্রোহী’ কমিটিতে আছে নজির আমিন চৌধুরী ও রাগীব নাঈমের নেতৃত্বাধীন অংশ।
‘বিদ্রোহীরা’ গত ১৩ মার্চ শিমুল কুম্ভকারকে সভাপতি ও আদনান আজিজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করে।
‘বিদ্রোহী’ অংশের কমিটির বিপরীতে এখন ফয়েজ-দীপকের নেতৃত্বাধীন অংশ ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করল।
ফয়েজ-দীপক অংশ ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মাসুম রানা, শোয়েব মাহমুদ, আইরিন আক্তার মিম, এনামুল হাসান, শান্ত দত্ত, শ্যামজিৎ পাল, রিপিয়ন চাকমা, প্রদ্যুত সরকার, এন্টন চাকমা, দিগন্ত দাস, ধ্রুব, মাহির শাহরিয়ার রেজা ও বিষ্ণু পণ্ডিত।
কমিটিতে চারটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে। এই পদগুলো পরে পূরণ করা হবে। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটিতে বিদ্রোহীদের ঘোষিত কমিটির সাত নেতার নাম আছে। তাঁরা হলেন—মাসুম, শ্যামজিৎ, রিপিয়ন, প্রদ্যুত, এন্টন, দিগন্ত ও বিষ্ণু। সাতজনের মতামত নিয়েই তাঁদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রথম আলোর কাছে দাবি করেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ।
অবশ্য মুঠোফোনে কল করা হলে সাতজনের মধ্যে দুজন এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। রিপিয়ন বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমি কোনো পক্ষের সঙ্গেই নেই। এ জন্য হয়তো দুই পক্ষই তাদের কমিটিতে আমাকে রেখেছে।’
ফয়েজ-দীপক অংশের দেওয়া আহ্বায়ক কমিটিকে ‘ভুঁইফোড়’ বলেছেন বিদ্রোহী অংশ ঘোষিত ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কমিটির সাধারণ সম্পাদক আদনান।