বাজারে নতুন গর্ভনিরোধক এনেছে ইনসেপ্টা
নারীদের জন্য নতুন গর্ভনিরোধক বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। মেডোজেন সাবকিউ নামের গর্ভনিরোধক ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। প্রসূতি রোগবিশেষজ্ঞরা মনে করছেন, গর্ভনিরোধকটি নারীদের ব্যবহারবান্ধব।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে নতুন এই গর্ভনিরোধক বাজারে আনার কথা জানায় ইনসেপ্টা। মূল গর্ভনিরোধকটি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। ইনসেপ্টা প্রথম জেনেরিক হিসেবে এটি বাজারে এনেছে।
গর্ভনিরোধকটির বিষয়ে মূল উপস্থাপনায় প্রজনন স্বাস্থ্যবিশেষজ্ঞ ও ঢাকা ফার্টিলিটি সেন্টারের ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক মারুফ সিদ্দিকী বলেন, ডায়াবেটিস রোগী যেভাবে ইনসুলিন দেন, মেডোজিন সাবকিউ ঠিক সেভাবেই ত্বকের নিচে দিতে হয়। ব্যবহার সহজ। নারীদের জন্য প্রচলিত বিভিন্ন ধরনের গর্ভনিরোধকের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কিছু ক্ষেত্রে নারী অস্বস্তি বোধ করেন, কোনো কোনোটা ব্যথার কারণ হয়। সেই বিবেচনায় নতুন এই গর্ভনিরোধকটি ব্যবহারবান্ধব।
অনুষ্ঠানের সভাপতি এবং অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)–এর সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ ইনজেকশনটি শুধু বাংলাদেশের নারীদের জনই নয়, বরং সারা বিশ্বের নারীদের জন্য আশীর্বাদস্বরূপ। মেডোজেন সাবকিউর নিরাপদ কার্যকারিতা ও স্বপ্রয়োগযোগ্য ব্যবহারবিধি নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
এই ওষুধ প্রায় দুই দশক আগে উদ্ভাবন করেছিল ফাইজার। মূল ওষুধটির নাম সায়ানাপ্রেস। মূল ওষুধটিকে হুবহু তৈরি বা কপি করেছে ইনসেপ্টা।
অনুষ্ঠানে ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, ‘২০১১ সাল থেকে ওষুধটি তৈরির চেষ্টা করছি। বলা যায়, ২০২৬ সালে এসে সফল হয়েছি। এর পেছনে আছে কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষ।’ তিনি আরও বলেন, মেডোজেন সাবকিউর কাঁচা মাল বা মূল উপাদানও (এপিআই) তৈরি করছে ইনসেপ্টা।
স্বাগত বক্তব্যে ওজিএসবির মহাসচিব এফ এম এনামুলক হক বলেন, মেডোজেন সাবকিউ একজন নারী তাঁর বাসায় নিতে পারবেন। এটা সহজে কেনা যাবে। সুতরাং এর অপব্যবহারের সুযোগ আছে। এর জন্য একটি গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুশাররাত সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।
অনুষ্ঠান শেষে ইনসেপ্টার কর্মকর্তারা প্রথম আলোকে জানান, মেডোজেন সাবকিউ এখন থেকে বাজারে পাওয়া যাবে। একটি ইনজেকশনের দাম ৫৫০ টাকা। এটি ৯০ দিন কার্যকর থাকে। তারা এই ইনজেকশন আফ্রিকার দেশ জাম্বিয়াতে রপ্তানি করার সব আয়োজন সম্পন্ন করেছেন।