নাসা গ্রুপের নজরুলকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো
জুলাই গণ–অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা এক মামলায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সাইদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নজরুলের বিরুদ্ধে এখন পর্যন্ত ২০টির বেশি মামলা হয়েছে।
আইনজীবী ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাটারা থানার মামলায় নজরুলকে গ্রেপ্তার দেখাতে ১১ মার্চ আদালতে আবেদন করে পুলিশ। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান। আদালত সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ শুনানি নিয়ে আদেশ দেন আদালত।
পুলিশের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বেলা ২টায় মামলার বাদী রোহান, তাঁর বন্ধু ও আত্মীয়স্বজনেরা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। আন্দোলন দমনে আসামিরা হত্যার উদ্দেশ্যে নির্বিচার গুলি চালান। গুলিতে বাদী আহত হন। এ ছাড়া বাদীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়েও মারাত্মকভাবে জখম করা হয়। এই মামলার তদন্তে নজরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই তাঁকে গ্রেপ্তার দেখানো দরকার।
২০২৪ সালের ১ অক্টোবর নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।