মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি মূল্যের কারণে বাংলাদেশও ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এটি সাময়িক সময়ের জন্য। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। এ বছরের শেষ নাগাদ বৈশ্বিক পরিস্থিতি ভালো হলে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় পর্যায় চলে আসবে।
‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় আজ মঙ্গলবার এসব কথা বলেছেন নসরুল হামিদ। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও দূরদর্শিতা থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, সেসব সামরিক স্বৈরশাসক বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে কোনো নজর দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই ভঙ্গুর বিদ্যুৎ ও জ্বালানি খাত ঘুরে দাঁড়াতে শুরু করল। রূপকল্প ২০৪১ নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান, বিদ্যুৎসচিব মো. হাবিবুর রহমান, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।