চট্টগ্রামে এক দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি করেন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত মামলা করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন সামাজিক বন বিভাগ দাগনভূঞা ফেনীর ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী ও তাঁর স্ত্রী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী শাহনাজ পারভীন।
মামলার এজাহারে বলা হয়, সুলতানুল আলম চৌধুরী ১৯৯০ সালে বন বিভাগে নার্সারি প্রকল্পে প্ল্যান্টেশন সহকারী হিসেবে অস্থায়ী ভিত্তিতে যোগ দেন। ২০০০ সালে বন বিভাগে তাঁর চাকরি স্থায়ী হয়। পদোন্নতি পেয়ে বর্তমানে ফেনীর দাগনভূঞায় কর্মরত আছেন। সুলতানুল আলম চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে দুদক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। এ জন্য তাঁকে আসামি করে মামলা হয়।
এদিকে সুলতানুল আলম চৌধুরীর স্ত্রী শাহনাজ পারভীন ১৯৯১ সালে অফিস সহকারী পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে দুদক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৪ লাখ ৮৭ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়।