চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
কয়েক দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড়ধসের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য় জানা গেছে।