পেঁয়াজ উৎপাদনে ১৬ কোটি টাকা প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ প্রণোদনার আওতায় ১৯ জেলার ১৮ হাজার কৃষক বিনা মূল্যে বীজ ও সার পাবেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হবে। এ–সংক্রান্ত সরকারি আদেশ আজ বৃহস্পতিবার জারি হয়েছে।

প্রণোদনা হিসেবে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার পাবেন।

২০২০-২১ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল মাত্র ৪০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদিত হয় ৩৭ হাজার টন। আর ২০২২-২৩ সালে আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদিত হয়েছে ৩৯ হাজার ৮০০ টন।

গত দুই বছর ধরে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দুই বছর আগে যেখানে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন ছিল ৩০০ টন, তা বেড়ে এ বছর হয়েছে ৩৯ হাজার ৮০০ টন।

উল্লেখ্য, পেঁয়াজের ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত পেঁয়াজের উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের প্রযুক্তি না থাকায় অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এ জন্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানি করতে হয়। আর এই আমদানিনির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয় রোডম্যাপ বাস্তবায়ন করছে।

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ জনপ্রিয় করতে পারলে আমরা পেঁয়াজে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, বিদেশে রপ্তানিও করতে পারব।
মো. আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী

২০২০-২১ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল মাত্র ৪০ হেক্টর জমিতে, উৎপাদিত হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদিত হয় ৩৭ হাজার টন। আর ২০২২-২৩ সালে আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদিত হয়েছে ৩৯ হাজার ৮০০ টন।

সম্প্রতি এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষেও আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। এর সম্ভাবনা অনেক। কৃষকদের বীজ, সার, প্রযুক্তিসহ সব সহযোগিতা দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ জনপ্রিয় করতে পারলে আমরা পেঁয়াজে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, বিদেশে রপ্তানিও করতে পারব।’