প্রতিবেশীর শিশুকে অপহরণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবশীর শিশুকন্যাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার জুয়েলে মিয়া
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার করা ব্যক্তির নাম জুয়েল মিয়া (২৪)। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে র‍্যাব–৭। এর আগে অপহরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার আজ রোববার প্রথম আলোকে বলেন, জুয়েল ও শিশুটির পরিবার প্রতিবেশী। শিশুটির বাবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। শিশুটিকে প্রায়ই আদর করতেন জুয়েল। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে চকলেট, চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান তিনি। পরে জুয়েল শিশুটিকে নিয়ে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়।

নুরুল আবছার আরও বলেন, একপর্যায়ে বিকেলের দিকে জুয়েল শিশুটির বাবাকে ফোন করে বলেন, শিশুটি তাঁর হেফাজতে আছে। ফেরত নিতে হলে ৩০ হাজার টাকা দিতে হবে। নইলে খুন করে ফেলবেন তিনি। পরে শিশুটির বাবা বিষয়টি র‍্যাবকে জানান। এরপর র‍্যাব রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও জুয়েলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন তিনি।