নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা’
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে এবং এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত তারা উদ্যোক্তা মেলা শেষ হবে ১ মার্চ।
দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী বেশির ভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যাঁরা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এ বছরও নারী উদ্যোক্তাদের এই মেলায় অংশ নিতে নিজেদের কোনো খরচ হচ্ছে না, মেলার সব খরচ বহন করবে ব্র্যাক ব্যাংক।
মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হবেন। এ ছাড়া মেলায় আগতদের জন্য থাকবে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাইসহ অন্যান্য স্টল।
নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট–সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা পাবেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
এই প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, উন্নয়নের সম-অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে। ‘তারা উদ্যোক্তা মেলা’র মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাঁদের পণ্যের প্রসারে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তে এ রকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।
একটি এসএমই–প্রধান ব্যাংক হিসেবে, এ উদ্যোগটি সারা বাংলাদেশে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।