সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

সাংবাদিক আনিস আলমগীরছবি: আনিস আলমগীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালত এ আদেশ দেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, ‘সিএমএম আদালতের পর আমরা আজ মহানগর আদালতেও আনিস আলমগীরের জামিন চেয়েছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন। এখন আমরা হাইকোর্টে জামিনের জন্য যাব।’

জামিনের আবেদনে এই আইনজীবী বলেন, আসামি সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ ব্যক্তি। তিনি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্র ও হয়রানি করার জন্য এ মামলার ঘটনার সঙ্গে তাঁকে জড়িত করা হয়েছে। এজাহারে আসামির নাম থাকলেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সদস্য নন। আসামি বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক বটে। এজাহারে যে ধারাগুলো বিদ্যমান, তার একটাও ওনার ওপর বর্তায় না। এ জন্য তিনি জামিন পাওয়ার হকদার।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।

ওই দিন আনিস আলমগীরের জামিন আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাঁকে। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন