বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন তারঘীবুল ইসলাম। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল অপারেটর। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক সাবমেরিন কেব্লের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহ করে থাকে।
বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারঘীবুল ইসলাম টেলিটক বাংলাদেশ লিমিটেডে নেটওয়ার্ক পরিকল্পনা, করপোরেট কৌশল ও কোম্পানি সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।
নব্বইয়ের দশকের শেষ ভাগে একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরে সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি মোবাইল ও টেরেস্ট্রিয়াল টেলিযোগাযোগ নেটওয়ার্ক, প্রকল্প ব্যবস্থাপনা, করপোরেট কৌশল এবং টেলিযোগাযোগ নীতি নিয়ে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারঘীবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ লাভ করেন।