বারানসিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ফাইল ছবি–এএনআই

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার উত্তর প্রদেশের বারানসিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জি–২০ দেশের মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে মোমেন বারানসিতে এসেছেন। সেখানে সম্মেলনের এক ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আজ সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও ভবিষ্যতে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, সেসব নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান থাকায় দুজনেই সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। সেই ঘোষণা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। এমন পরিস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিশেষ অর্থবহ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের ওই ভিসা নীতি ঘোষণার পর এই প্রথম দুই পররাষ্ট্রমন্ত্রী মুখোমুখি সাক্ষাতে মতবিনিময় করলেন।

জি–২০ সম্মেলনে মোমেন বৈশ্বিক সমাজের যৌথ উদ্যোগের প্রতি বিশেষ জোর দেন। উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তার মোকাবিলায় উন্নত দেশের সহায়তার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন ও দূষণমুক্ত উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেসব উল্লেখযোগ্য অবদান রেখেছে, সম্মেলনে তিনি সেসবের উল্লেখ করেন। সেই লক্ষ্যে জি–২০ দেশের সভাপতি হিসেবে ভারতের উদ্যোগের প্রশংসাও মোমেন করেন।

সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ মালিকি বিন ওসমান এবং ইউএসএআইডির উপপ্রশাসক ইসোবেল কোলম্যানের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাতে আরও বেশি মানুষের কর্মসংস্থান হতে পারে, সে বিষয় নিয়ে তিনি ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। ইউএসএআইডির উপপ্রশাসকের সঙ্গে বাংলাদেশের পাঁচ দশকের সম্পর্কের বিস্তার ঘটানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন। রোহিঙ্গা শরণার্থীরা যাতে দ্রুত নিরাপদে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবর্তন করেন এবং তা যাতে টেকসই হয়, সে বিষয়ে মোমেন দুজনের সমর্থন কামনা করেন।