ব্যবসায়ী হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মঞ্জুর
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে আবুল বারকাতের জামিনের আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম। জামিন বিরোধিতা করে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিপক্ষের জামিন আবেদন থাকায় গতকাল সোমবার জামিন শুনানি ধার্য করেন আদালত। গতকাল সোমবার আইনজীবী সারা হোসেন জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে আদেশ দেন।
গত বছরের ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর ৭ জুন ওই মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। তবে মুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন।
গ্রেপ্তার আবেদনে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ-সমর্থিত নেতা–কর্মীদের আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সঙ্গে আবুল বারকাত জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।