ঝিনাইদহের জেলা প্রশাসককে প্রত্যাহার
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. নোমান হোসেন। তিনি বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত আছেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।