ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে পুনরায় বিআরটিসির অ-শীতাতপনিয়ন্ত্রিত বাস চালু করার দাবিতে মানববন্ধন করেছে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’। শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে গতকাল বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। ঘণ্টাব্যাপী এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, শহর কমিটির সভাপতি বিমল কান্তি দাস, গণসংহতির আন্দোলন সংগঠক তারিকুল সুজন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের শহর কমিটির সভাপতি অমল আকাশ, মহিলা পরিষদের শহর কমিটির সাধারণ সম্পাদিকা শাহানারা বেগম এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি হাফিজুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আন্দোলনের মুখে গত বছরের ১১ আগস্ট ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ১৭টি অ-শীতাতপনিয়ন্ত্রিত এবং ১৫টি শীতাতপনিয়ন্ত্রিত বাস নিয়ে বিআরটিসি সার্ভিস চালু করা হয়। কিছুদিনের মধ্যেই বেসরকারি পরিবহন মালিকদের সঙ্গে আঁতাত করে অ-শীতাতপনিয়ন্ত্রিত বাসগুলো লোকসানের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়।বক্তারা অবিলম্বে অ-শীতাতপনিয়ন্ত্রিত বাস পুনরায় চালু করার ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।