
১৯৭১। মুক্তিযুদ্ধ চলছে। প্রতিদিন দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ। বহির্বিশ্ব তখনো বাংলাদেশের মুক্তিসংগ্রাম নিয়ে দ্বিধাগ্রস্ত। সমানে চলছে পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণ। একটু একটু করে এই বর্বরতার খবর ছড়িয়ে পড়ছিল বিশ্বব্যাপী। অঁদ্রে মালরো তখন দাঁড়ালেন নির্যাতিত মুক্তিসংগ্রামী মানুষের পক্ষে। ফরাসি এই সাহিত্যিক বিশ্বাস করতেন, ‘পৃথিবীর ইতিহাসে যে জাতি “না” বলতে পারে, তাদের পক্ষ নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’ তাই তো ৭০ বছর বয়সেও অসমসাহসিকতায় তিনি যোগ দিতে চাইলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে।
আজ তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকী।
মুক্তিযুদ্ধ ও মালরো
বাংলাদেশের মানুষ যে বিচ্ছিন্নতাবাদী নয়, তারা যে একটি মুক্তিযুদ্ধ করছে, এ কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে ভারতের দিল্লিতে অহিংস নেতা জয়প্রকাশ নারায়ণ একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নেন। এ জন্য জুলাইয়ের শেষ দিকে ফরাসি চিন্তাবিদ মালরোর সঙ্গে যোগাযোগ করেন জয়প্রকাশ। কাছাকাছি সময়ে চলচ্চিত্রকার জহির রায়হান ‘বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ’-এর পক্ষ থেকে সভায় অংশগ্রহণের বিষয়ে মালরোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন।
এরই মধ্যে পাকিস্তান প্রচার করল, অস্ত্র সাহায্যের জন্য বাংলাদেশের দূত ইসরায়েলে গেছে! ‘বাঙালিরা ইহুদিদের কাছ থেকে সাহায্য নিচ্ছে’—ছড়িয়ে দেওয়া হলো এই মিথ্যা প্রচারণা। বিভ্রান্তিকর এ সময়টিতে আজীবন বিপ্লবী মানুষের পক্ষাবলম্বনকারী অঁদ্রে মালরোর একটি বিবৃতি ঘটনায় নতুন মোড় আনে। ১৮ সেপ্টেম্বরের এ বিবৃতিতে মালরো বাংলাদেশের মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর আগেও মালরো স্পেনের গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে সম্মুখসমরে লড়াই করেছিলেন বিপ্লবীদের পক্ষে। এবার তিনি একটি আন্তর্জাতিক ব্রিগেড তৈরি করার আহ্বান জানান। ২২ অক্টোবর অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে মালরো বলেন, ‘ফাঁকা বুলি আওড়াবার অভ্যাস আমার নেই...ট্যাংক যুদ্ধের অভিজ্ঞতা আমার আছে। বাংলাদেশের মুক্তিবাহিনীর অধীনে একটি ট্যাংক ইউনিটে অংশগ্রহণে আমি অটল।’
শেষ পর্যন্ত অঁদ্রে মালরো মুক্তিযুদ্ধ করতে আসতে পারেননি, তবে মুক্তিযুদ্ধের পুরো সময়ে তাঁর নানা ভূমিকা বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে সহায়ক হয়েছিল।
বাংলাদেশ সফর
১৯৭৩ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সরকারের আমন্ত্রণে অঁদ্রে মালরো এ দেশে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালরোকে বলেন, মুক্তিযুদ্ধের ওই সময়ে অপমান, দুর্দশা ও মৃত্যু ছিল যাঁদের নিত্যসঙ্গী, সে সময় তাঁর অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান তাঁদের জন্য কী অর্থ বহন করেছিল।
ঢাকার বাইরে মালরো যান রাজশাহী, চট্টগ্রাম ও কাপ্তাইয়ে। তিনি শ্রদ্ধা জানান নির্মীয়মাণ জাতীয় স্মৃতিসৌধে, দেখা করেন সোহরাওয়ার্দী হাসপাতালে পঙ্গু মুক্তিযোদ্ধাদের সঙ্গে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ করেন তিনি। তিন দিনের সফর শেষ করে ২৫ এপ্রিল দুপুরে মালরো প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন।
আয়োজন
অঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ফ্রান্স দূতাবাস, শিল্পকলা একাডেমি ও আলিয়ঁস ফ্রঁসেজ করেছে তিন দিনব্যাপী আয়োজন ‘রিমেম্বারিং অঁদ্রে মালরো’। গতকাল ঢাকার আলিয়ঁসের নুভেল ভাগ মিলনায়তনে ছিল মালরোর সাহিত্য নিয়ে আলোচনা। প্রদর্শিত হয় মালরো পরিচালিত লেসপোয়া-সিয়েরা দো তেরুয়েল চলচ্চিত্রটি।
আজ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার লবিতে হবে দুটি প্রদর্শনী ‘ড্রয়িং ফ্রিলি’ ও ‘নভেম্বর ইন প্যারিস’। সকাল সাড়ে ১০টায় চিত্রশালা মিলনায়তনের অনুষ্ঠানে বক্তব্য দেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও মালরোর লেসপোয়াউপন্যাসের অনুবাদক গুরুপদ চক্রবর্তী। এ ছাড়া জনসংস্কৃতি নীতি ও বেসরকারি উদ্যোগ বিষয়ে হবে গোলটেবিল আলোচনা। আলোচক হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক ও সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি। ২৬ নভেম্বর চট্টগ্রামের আলিয়ঁসেও থাকছে এমন একটি আয়োজন।
আরও পড়ুন: