
হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে বাংলাদেশের ছয়জন খুদে গণিতবিদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে লাল-সবুজের পতাকা নিয়ে গণিতের এই মহাযজ্ঞে অংশ নেবে সারা দেশ থেকে বাছাই করা ছয় কৃতী শিক্ষার্থী।
এই শিক্ষার্থীরা হলো আসিফ-ই-ইলাহী (এমসি কলেজ, সিলেট), মো. সানজিদ আনোয়ার (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ), সাজিদ আখতার (সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ), মো. সাব্বির রহমান (নটর ডেম কলেজ), এ এম নাঈমুল ইসলাম (বরিশাল জিলা স্কুল) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম)। এই ছয় প্রতিযোগীর দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার ৫ জুলাই হংকংয়ের উদ্দেশে রওনা হবেন এবং উপ-দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ছয় শিক্ষার্থীকে নিয়ে হংকংয়ের উদ্দেশে রওনা দেবেন ৮ জুলাই রাতে। উল্লেখ্য, ১০ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৬।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি খুদে এই গণিত যোদ্ধাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল শনিবার বিকেল চারটায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী খুদে গণিতবিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘গত ১১ বছরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দল এ পর্যন্ত ৩টি রৌপ্যপদক, ১৪টি ব্রোঞ্জপদক এবং ২১টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব আজ দেশের শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ প্রতিযোগীদের অভিভাবকেরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ২৪টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় সারা দেশের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এসব আঞ্চলিক উৎসবে বিজয়ী ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নিয়ে ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসব ২০১৬। চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ৩৭ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্প। পরবর্তী সময়ে কোচের সুপারিশ অনুযায়ী ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।