অংশ নিচ্ছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়। কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত এই ৩৮তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করার কথা ছিল পেরুর বিশিষ্ট সাহিত্যিক রডলফ ইনস্ট্রোজা ক্লসেনের। 
বিশেষ অতিথি ছিলেন পেরুর কবি ফ্রান্সসকো বেনেগ্রি, কলকাতার বিশিষ্ট সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।
মেলার আয়োজক কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবারের ফোকাল থিম কান্ট্রি পেরু। মেলায় এবার বাংলাদেশসহ ২৯টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩১টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে সাতটি সরকারি সংস্থা। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস।
বইমেলায় সদ্যপ্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের সম্মানে তৈরি করা হয়েছে একটি বিশেষ প্যাভিলিয়ন। বইমেলায় সব মিলিয়ে স্টল রয়েছে ৮০০টি। মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।