জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ ফেব্রুয়ারির পঞ্চম সমাবর্তনে বিএনপিপন্থী শিক্ষকেরা অংশ নিচ্ছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেনি অভিযোগ এনে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন একটি সার্বজনীন অনুষ্ঠান। আমরা আশা করেছিলাম, প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে সমাবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশাসন কোনো ধরণের আলোচনা করেনি। তা ছাড়া দেশে বর্তমানে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান। এই পরিস্থিতি সমাবর্তন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়। একই সঙ্গে আমরা জানতে পেরেছি, সমাবর্তনে এমন কয়েকজন উপস্থিত থাকবেন যাঁরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নে ভূমিকা রাখছেন। তাই আমরা সমাবর্তন বর্জন করতে বাধ্য হচ্ছি।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক খন্দকার মুস্তাহিদুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।