প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে তাঁর সম্মানে দেওয়া রাষ্ট্রপতির নৈশভোজে অংশগ্রহণের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তবে মমতা যাচ্ছেন কি না, সে সিদ্ধান্ত জানাননি।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। মমতার দল তৃণমূল কংগ্রেসের এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, নৈশভোজে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজে ফোনে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মমতাকে। তবে মমতা দিল্লি যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি। কিন্তু না-ও বলেননি। শুধু বলেছেন, এ ব্যাপারে পরে জানাবেন।
এ ঘটনার পর রাজনৈতিক মহল মনে করছে, রাষ্ট্রপতি নিজে টেলিফোন করার পর মমতার পক্ষে দিল্লি না আসাটা কঠিন হয়ে পড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। নৈশভোজের তারিখ নির্ধারিত আছে ৮ এপ্রিল। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।