কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। এ নিয়ে দলটি দোটানায় আছে। তাই দলটি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে।গত মঙ্গলবার ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার বিএনপি নেতাদের বৈঠক সূত্রে এ কথা জানা গেছে।বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের সাংসদ এম কে আনোয়ার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন করার পক্ষে অবস্থান নিয়েছি। যেহেতু কমিশন এটা করছে না, তাই আমাদের করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’এম কে আনোয়ার বলেন, বৈঠকে নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা তাঁদের অবস্থান দলের নেত্রীর কাছে জানিয়েছেন। তারা বলেছেন, নির্বাচনে অংশ নিলে দলের সমর্থিত প্রার্থী ভালো করতে পারবে। কুমিল্লায় বিএনপির বিপুল ভোটার ও সমর্থন রয়েছে। এখন দেখা যাক কী হয়।গত মঙ্গলবার রাত ১১টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুমিল্লার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এবং কুমিল্লার সাবেক ও বর্তমান সাংসদদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সম্ভাব্য দুই প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন ও মনিরুল হক উপস্থিত ছিলেন।বৈঠকে সম্ভাব্য দুই মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ ও মনিরুল হক খালেদা জিয়াকে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। বৈঠক শেষে মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘নেত্রী আমাদের এক সপ্তাহ অপেক্ষা করতে বলেছেন। এরপর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দলের অবস্থান জানাবেন।’ আমিন উর রশিদ বলেন, ‘তফসিল ঘোষণা পর্যন্ত আমরা কোনো কর্মকাণ্ড করছি না। তফসিল ঘোষণার পর দল সিদ্ধান্ত নেবে। সরকারের দৃষ্টিভঙ্গি বিএনপি এ ক্ষেত্রে পর্যবেক্ষণ করছে।’