অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছেন কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিদেশি কূটনীতিকেরা। বিষয়টি নিয়ে তাঁরা এরই মধ্যে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। এ প্রক্রিয়ায় নরডিক রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার নতুন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রসঙ্গে কথা বলেছে।
ঘণ্টাখানেকের এই আলোচনায় ঘুরেফিরে আসে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করার প্রসঙ্গ। এর আগে অনুষ্ঠিত স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচন নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন কূটনীতিকেরা।
ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল ও নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন আলোচনায় অংশ নেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কে এম নুরুল হুদার নেতৃত্বে ইসি কী করছে, তাঁরা তা জানার চেষ্টা করেন। আলোচনার পর নির্বাচন কমিশন ও কূটনীতিকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের পর রাজনীতি ও নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকেরা তৎপর হন। ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। ঢাকা সফরের সময় যুক্তরাজে৵র পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের মন্ত্রী অলোক শর্মাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিএনপি ছাড়া কয়েকটি ইসলামি দলের সঙ্গে কূটনীতিকেরা বৈঠক করেছেন।
নরডিক রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ গতকাল তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, নতুন কমিশনের সঙ্গে এটি ছিল নরডিক রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ। মূলত আগামী নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, সে বিষয়টি রাষ্ট্রদূতেরা বলেছেন। এ ছাড়া গত কয়েকটি নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতাও তাঁরা উল্লেখ করেছেন।
ইসিকে নরডিক দেশগুলোর সহযোগিতার প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আবদুল্লাহ জানান, আলোচনার সময় এ প্রসঙ্গটি কূটনীতিকেরা তোলেননি। ফলে এ নিয়ে আলোচনা হয়নি।
নরডিকের একটি কূটনীতিক সূত্র সন্ধ্যায় প্রথম আলোকে জানায়, বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য ইসি কী ধরনের কাজ করছে, সে সম্পর্কে ধারণা নেওয়া ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।
কূটনীতিক সূত্রে জানা গেছে, গত দুই মাসে ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি ইসলামি দলের সঙ্গে পাশ্চাত্যের কয়েকটি দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। ওই আলোচনাগুলোতে পরের নির্বাচনে ওই দলগুলোর অংশগ্রহণের প্রসঙ্গটি গুরুত্ব পেয়েছে। তবে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কোনো শরিকের সঙ্গে এখনো কোনো বৈঠক করেননি কূটনীতিকেরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ বা প্রয়োজন আছে বলে মনে করি না। নির্বাচন কমিশনকে যদি তারা কোনো সহায়তা করতে চায়, আর কমিশন নিজে যদি মনে করে ওই সহায়তার প্রয়োজন, সে ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। আমার জানামতে, বিদেশি কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা বা বৈঠক হয়নি।’
ঢাকায় পাশ্চাত্যের দেশগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে নতুন ইসি গঠনের পর থেকেই বাংলাদেশের আগামী নির্বাচনমুখী প্রক্রিয়ার ব্যাপারে বিভিন্ন দেশ ও জোটের মিশনগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে নিয়মিত উন্নয়ন প্রকল্পগুলো চলমান রেখে মিশনগুলো নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কাজে নিজেদের মনোযোগ বাড়িয়েছে।
কূটনীতিক সূত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে ধারণা পাওয়া গেছে, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক করার ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন বিদেশি কূটনীতিকেরা। প্রধান বিরোধী দল ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনামুখর ছিল। এ নিয়ে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তাই আগামী নির্বাচন কূটনীতিকেরা অংশগ্রহণমূলক করার ব্যাপারে জোর দিলেও বিষয়টি এখনই তাঁরা প্রকাশ্যে বলতে চান না।
নাম প্রকাশ না করার শর্তে ইউরোপের এক জ্যেষ্ঠ কূটনীতিক সম্প্রতি এই প্রতিবেদককে তাঁর দপ্তরে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন নিয়ে মন্তব্য করলে আমাদের সমালোচনা করা হয়। সবাই ধরে নেয়, আমরা হস্তক্ষেপ করছি। এ জন্য গণতন্ত্র ও সুশাসনের প্রসঙ্গগুলো আমরা সাধারণত তুলি না।’
ওই কূটনীতিক আরও বলেন, ‘ইউরোপ সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে চলছে। বাংলাদেশের সহযোগী হিসেবে এখানকার গণতন্ত্রকে শক্তিশালী করতেই আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলি, এখানকার পরিস্থিতির উন্নতি কামনা করি।’
জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনায় কূটনীতিকেরা একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। এ ধরনের নির্বাচনের জন্য ইসি যাতে সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করে, সেই প্রত্যাশা তাঁদের। আর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাঁরা আমাদেরও উৎসাহিত করছেন।’
নির্বাচন নিয়ে কথা বলে কূটনীতিকেরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন কি না—জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সব দেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে। উন্নয়ন-সহযোগীরাও বাংলাদেশের অংশীদার হিসেবে এ দেশে ভালো নির্বাচন দেখতে চায়।