অংশগ্রহণমূলক রাজনীতি না থাকলে গণতন্ত্র টেকে না: দেবপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যদি কোনো সমাজে অংশগ্রহণমূলক রাজনীতি না থাকে, মৌলিক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে সে সমাজে গণতন্ত্র টিকতে পারে না। আবার রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য সহিংসতার পথ বেছে নেওয়াও সমর্থনযোগ্য নয়।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গত রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় একটি হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, সুশীল সমাজের দায়িত্ব হচ্ছে, সমাজের অন্যায়-অসংগতির বিরুদ্ধে জনসাধারণের পক্ষ হয়ে কথা বলা। আর রাজনীতিবিদদের কাজ হচ্ছে সেসব মতামতের ভিত্তিতে সুশাসন নিশ্চিত করা। নাগরিক সমাজ রাজনীতিবিদদের বিকল্প হতে পারে না। কোনো রাজনীতিবিদ যেন নাগরিক সমাজের ভেতর ঢুকে না পড়তে পারেন, আবার কোনো নাগরিক যেন রাজনীতিতে ঢুকে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করতে না পারেন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। 

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোহর আলীর সভাপতিত্বে ও সচেতন নাগরিক কমিটির সভাপতি কাজী শাহাদাতের পরিচালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক রণজিৎ বণিক, প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।