অংশীজনদের নিয়েই সম্প্রচার আইন হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেছেন, সম্প্রচার নীতিমালা নিয়ে সরকারের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। গণমাধ্যম এখন যে সুবিধা ভোগ করছে, আইনসংগত সেসব সুবিধাই অব্যাহত থাকবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিতে চায়। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। কমিশন আইন প্রণয়ন করবে। আইন প্রণয়নের কাজ অংশীজনদের নিয়েই করা হবে। নীতিমালার অনেক কিছুই আইনে যাবে না।’
সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘বঙ্গবন্ধুর আমলে সাংবাদিক নেতারা প্রটোকল না মেনেই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারতেন। কিন্তু এখন কি কোনো সাংবাদিক নেতা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সেভাবে দেখা করতে পারেন?’ সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু সাংবাদিকদের কিছু চাপিয়ে দিতেন না। এখন রাষ্ট্র থেকে সাংবাদিকদের ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না, তাই আমরা আশা করি।’
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘সম্প্রচার নীতিমালায় কোনো ভীতিকর পরিস্থিতি থাকলে ষড়যন্ত্রকারীরাই সুযোগ নেবে।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘বঙ্গবন্ধু গণমাধ্যম নিয়ে যে দার্শনিক ভাষণ দিয়েছেন, তা আজকের প্রজন্মের সাংবাদিকদের কাছেও অনুকরণীয়।’ পিআইবির চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ।