অংশীদারত্ব সংলাপ শুরু আজ, আসছেন নিশা ও শারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ। এতে যোগ দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের আজ ঢাকায় পৌঁছানোর কথা। খবর বাসসের।
আজ এই চতুর্থ অংশীদারত্ব সংলাপে শারম্যান মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দুই দেশের মধ্যে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিশদ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি আরও বিস্তৃত পরিসরে ও গভীরভাবে আলোচনার জন্য অংশীদারত্ব সংলাপটি সর্বোচ্চ ফোরাম। শারম্যান ও নিশা দেশাই বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।