অংশীদারদের পরিবারের ওপর পুলিশের হামলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস লিমিটেডের অংশীদারদের পরিবারের সদস্যদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাহর নেতৃত্বে একদল পুলিশ বেধড়ক লাঠিপেটা করে ও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এতে ২০ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে নারীরা ঝাড়ুমিছিল করেন।
মিলের অংশীদারেরা জানান, প্রায় ৭০০ কোটি টাকার নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলস লিমিটেড স্থানীয় জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের যোগসাজশে পরিচালনা পর্ষদ ৩৫ কোটি টাকায় বিক্রির ষড়যন্ত্র করে। অংশীদারেরা শেয়ার হস্তান্তর না করায় মিলের চেয়ারম্যান সামসুদ্দিন সন্ত্রাসী বাহিনী দিয়ে অংশীদারদের হুমকি-ধামকি দেন এবং মিলের ভেতর থেকে ১৩০টি পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, পুলিশ নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলে আসামি ধরতে গেলে এলাকার লোকজন বাধা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। অংশীদারদের পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ অস্বীকার করেন তিনি।