অকালবন্যার ক্ষতি পোষাতে কৃষককে অর্থ-সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালবন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন আউশ মৌসুমে উৎপাদন বাড়ানোর জন্য দেশের ৫১টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রায় ২৬ কোটি টাকার অর্থ-সহায়তা দেবে সরকার। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষিমন্ত্রী বলেন, অকালবন্যায় বৃহত্তর সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রায় ৪০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক লাখ ৫৬ হাজার মেট্রিক টন বোরো ফসলের ক্ষতি হয়েছে। সরকার এই ক্ষতিগ্রস্ত এলাকার লোকদের জন্য বিশেষ সহায়তার উদ্যোগ নেবে। এই ক্ষতি হাওরাঞ্চলে আবাদের মাধ্যমে পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। কারণ ওই এলাকার জমি একফসলি। তাই সরকার দেশের ৫১টি জেলায় আউশ চাষের মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে নেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।এই কর্মসূচির আওতায় তিন লাখ ৪৬ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা করে আউশ ধান চাষের জন্য কৃষি উপকরণ-সহায়তা দেওয়া হবে। এতে জনপ্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার পাবেন কৃষকেরা। এর ফলে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন অতিরিক্ত আউশ ধান উৎপাদিত হবে।কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ করা সরকারি টাকা দিয়ে ছয় হাজার ৯২২ মেট্রিক টন ইউরিয়া, তিন হাজার ৪৬১ টন টিএসপি ও তিন হাজার ৪৬১ টন এমওপি সার কেনা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা কৃষি অফিসের উপপরিচালকেরা নীতিমালা অনুযায়ী এই সার কৃষকদের মধ্যে বিতরণ করবেন।অকালবন্যায় হাওর এলাকায় ফসলের যেটুকু ক্ষতি হয়েছে তাতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় কমবে না বলে আশা প্রকাশ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী সরকারের প্রত্যাশার চেয়েও অনেক ভালো ফসল হয়েছে। তাই উৎপাদন ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য দিতে সরকারি উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ধান ও চালের জন্য যথাক্রমে ১৭ ও ২৫ টাকা কেজিপ্রতি মূল্য নির্ধারণ করেছে। যাতে কৃষকেরা ন্যায্যমূল্য পান।