অকালে চলে গেলেন শাহরুখ শহীদ
শনিবার মধ্যরাত। ঢাকার স্কয়ার হাসপাতাল। একে একে জড়ো হয়েছেন বিনোদন, ফ্যাশন আর সংস্কৃতি জগতের অনেক মানুষ। সবার মুখই শোকে বিহ্বল, অনেকের চোখে জল। সবার এক কথা কখন, কীভাবে? ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের মৃত্যুর খবর শুনে ছুটে আসা সবার প্রতিক্রিয়া ছিল এমনই।হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত শাহরুখ শহীদ শনিবার রাত ১০টায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। শাহরুখ শহীদের ঘনিষ্ঠ আত্মীয় নিগার সুলতানা জানান, রাতে শাহরুখ তাঁর ‘শাহরুখস কালেকশন’ নামের স্টুডিওতে কাজ করছিলেন। এ সময় তাঁর সহকারী নাজিম ছিলেন। নাজিম বেশ কিছুক্ষণ শাহরুখের কোনো সাড়া না পেয়ে গিয়ে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক জানান, বেশ কিছুক্ষণ আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।গতকাল রোববার শাহরুখের আজিমপুরের বাসায় তাঁকে শেষবারের মতো দেখতে অনেকেই ছুটে আসে। সন্তান হারানোর বেদনায় শাহরুখের লেখক মা কাজী শামসুন নাহার বিলাপ করছিলেন। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে একনজর দেখার জন্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা আসেন।জানাজা শেষে বিকেলে নরসিংদীর রায়পুরায় ডোকার চরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে কবর দেওয়া হয়।তাঁর বাবা বিলুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক প্রয়াত শহীদুল হক। শাহরুখ শহীদের একমাত্র সন্তান সামহিল শহীদ মুসা চলতি বছর এ লেভেল পরীক্ষার্থী।শাহরুখ শহীদের কুলখানি হবে আগামীকাল মঙ্গলবার বাদ মাগরিব তাঁর বাসায় (১৬০/১ আজিমপুর রোড, ঢাকা)। বুধবার বাদ আসর শাহরুখ’স কালেকশনে (৭৪৩ সাত মসজিদ রোড, ঢাকা) শাহরুখ শহীদের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।