অকালে চলে গেলেন শীলা আফরোজ
সাংবাদিক শীলা আফরোজ (৩৭) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে গতকাল মঙ্গলবার মারা গেছেন প্রতিভাবান এই সাংবাদিক। তাঁর স্বামী কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সাইদুজ্জামান। তাঁদের দুই সন্তান নয় বছরের আর্শি ও পাঁচ বছরের উর্বশী।সাংবাদিকতায় ইউএনএফপিএ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার পাওয়া শীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্রী। লেখাপড়া শেষে তিনি ভোরের কাগজ পত্রিকায় যোগ দেন ১৯৯৯ সালে। ২০০৪ সালে আমার দেশ পত্রিকায় যোগ দেওয়ার বছর খানেক পরই শীলা আফরোজের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। গতকাল বেলা সোয়া ১১টায় মিরপুরের পল্লবীতে নিজ বাসায় মারা যান শীলা।গতকাল বাদ আসর জানাজা শেষে শীলার মরদেহ নেওয়া হয় স্বামী সাইদুজ্জামানের গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। শীলা আফরোজের অকালমৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।